
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি হবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বাজারের নৈশপ্রহরী ও টহল পুলিশ সদর রোডের আল মদিনা সুইটসে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও বামনা উপজেলার চারটি ইউনিট এসে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাবুল লাইব্রেরি, মদিনা সুইটস, বাংলাদেশ ফল ভান্ডার, অনুরাধা বিউটি পারলার, অশোক স্টুডিও, মুক্তা জুয়েলার্স ও লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স সম্পূর্ণ পুড়ে যায়।
মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আহসান বলেন, রাতে বাজারের নৈশপ্রহরী ও টহল পুলিশের একটি দল মদিনা সুইটসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেছেন, ক্ষতির পরিমাণ আরও বেশি হবে।
ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাঁরা ১ কোটি ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছেন।







