হোম দৃশ্যকাব্য দৃশ্য কাব্যের প্রযোজনায় মঞ্চে আসছে ‘ইডিপাস’

দৃশ্য কাব্যের প্রযোজনায় মঞ্চে আসছে ‘ইডিপাস’

0
12

নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।
দৃশ্যকাব্য থিয়েটারের নতুন প্রযোজনায় আবারও মঞ্চে আসছে ‎প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ‘ইডিপাস’।

মানব নিয়তি, ভাগ্য ও আত্ম-চেতনার গভীর অনুসন্ধান নিয়ে রচিত এই শাশ্বত ট্র্যাজেডি এবার নতুন ব্যাখ্যায় মঞ্চে উঠতে যাচ্ছে।

‎নাটকটির নির্দেশনায় রয়েছেন হাবিব মাসুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

এছাড়াও শুক্রবার নাটকটির দুটি শো রয়েছে। বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টায় একই স্থানে এ দুটি প্রদর্শনী হবে ‘ইডিপাস’ নাটকের।

হাবিব মাসুদ বলেন, “ইডিপাসকে মঞ্চে আনবার ক্ষেত্রে বর্তমান সময়টি আমাকে ভাবিয়েছে। আজকের বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে এক বিরাট শূন্যতা অনুভব করি। মনে হয়েছে, অনন্ত রাত্রির ঘোর অন্ধকারে আমরা নিমজ্জিত-আমাদের কি কোনো নেতৃত্ব নেই? ‘ইডিপাস’ আমার কাছে মনে হয়েছে নেতৃত্বহীনতায় নিমজ্জিত এক জনপদের গল্প।

“নিয়তিকে অতিক্রমের আর্তনাদ ইডিপাসকে মহান করে তোলে, কিন্তু সে নিয়তিকে জয় করতে পারে না। ক্লাসিকের শক্তি সর্বকালের-সর্বমানবের। তাই মূল পাঠে পরিবর্তন না করেও চরিত্র ও কোরাসের ব্যবহারে আমরা কিছু পরীক্ষণের প্রয়াস নিয়েছি। আশা করি, দৃশ্যকাব্যের এই প্রযোজনা দর্শককে প্রাচীন থিবি নগরীর রাজপ্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে যাবে।”

‎নাটকটির বাংলা অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস৷ মঞ্চ পরিকল্পনা ফজলে রাব্বি সুকর্ণ ও পোশাক পরিকল্পনা আইরীন পারভীন লোপা৷ রূপসজ্জা শুভাশিস দত্ত তন্ময় এবং দ্রব্যসামগ্রী নির্মাণ করেছেন শরিফুল ইসলাম মামুন ও রোকসানা আক্তার সায়মা৷

‎ইডিপাস চরিত্রে অভিনয় করছেন এইচ এম মোতালেব। তার সঙ্গে মঞ্চে থাকছেন মো. রেজাউল করিম রেজা, ঝুমু মজুমদার, হীরালাল দাস, আহাদ বিন মুর্তজা, অর্ঘ্য সাহা, নাইমুল ইসলাম সিয়ামসহ অনেকে।